টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের সমাবেশ ও পদযাত্রায় স্বেচ্ছাসেবক লীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সোমবার (২ অক্টোবর) বিকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ হামলা হয়।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, কর্মসূচি চলাকালে তারা আমাদের ব্যানার ছিনিয়ে নেন।
সমাবেশ ও পদযাত্রায় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ অন্যান্য নেতারা।
অভিযোগের বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল বলেন, ‘সরকারের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছিলেন। তাই আমাদের কর্মীরা তাদের মানববন্ধন বন্ধ করে দিয়েছেন।’
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘প্রেস ক্লাবের সামনে তাদের মানববন্ধন করার অনুমতি ছিল না। তারপরও সেখানে তারা কর্মসূচি পালন করেছেন। তবে সেই অনুষ্ঠান পণ্ড হয়েছে কি না আমার জানা নেই। এ বিষয়ে থানায় কেউ অভিযোগও করেনি।’