তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি বিষয় বাধ্যতামূলক করেছি। যাতে সমসাময়িক প্রযুক্তির সঙ্গে সবাই পরিচিত হতে পারে।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরী আলিম মাদ্রাসার নতুন অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত সবাইকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিগত নির্বাচনে যদি নৌকা বিজয়ী না হতো, তাহলে আমাদের ছেলেমেয়েরা বিনামূল্যে বই পেত না, বিদ্যুতে আলোকিত হতো না প্রতিটি ঘর। সুবিধাবঞ্চিতরা বিভিন্ন সুবিধা পেত না।
তিনি বলেন, গত কয়েক বছরে দেশে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সারাদেশে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা করেছে।
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, সঠিক ব্যক্তি, মার্কা ও দলকে ভোট দিলে এলাকায় আপনারা উন্নয়ন এবং সুশাসন উপহার পেতে পারেন। এর প্রমাণ আপনারা গত সাড়ে ১৪ বছরে পেয়েছেন। আমি নিজেকে কখনো এমপি, মন্ত্রী বা কেন্দ্রীয় নেতা মনে করি না। আমি মনে করি, এলাকার মানুষ আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, সেটি সঠিকভাবে পালন করাই আমার মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, সজীব ওয়াজেদ জয়সহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগররা চারটি প্রতিষ্ঠান উপহার দিয়েছেন। আগামী ৫ বছরে এই চারটি প্রতিষ্ঠান থেকে আমরা ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। প্রতিষ্ঠানগুলো হলো হাইটেক পার্ক, শেখ রাসেল ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং টেকনিক্যাল ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ।
পুন্ডরী আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল কবীর দুলুর সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা মো. হজরত আলীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন ও কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুন্নু।
পরে বেলা ১২টায় কলম উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ও দুপুর ২টায় কালিনগর উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।