বরিশালে অস্ত্রোপচারের ১৭ দিন পর দ্বিতীয় দফায় এক নারীর পেট থেকে বের করা হলো দুই হাত লম্বা গজ। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপালে ২৯ সেপ্টেম্বর এ ঘটনা ঘটলেও জানাজানি হয় সোমবার (২ অক্টোবর) দুপুরে।
ভুক্তভোগী ওই নারী নাম শিল্পী আক্তার। তিনি জেলার বানরীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর এলাকার বাসিন্দা।
শিল্পী আক্তারের বোন ইসরাত জাহান জানান, শিল্পীর প্রসব বেদনা উঠলে উপজেলার হামিদ মেমোরিয়াল বেসরকারি হাসপাতালে ডা. লুৎফুল আজিজের আওতায় ভর্তি করানো হয়। ওই সময় স্বাভাবিক প্রসবের জন্য চেষ্টা করা হলে ব্যার্থ হয়ে ১৩ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তান হয়। কিন্তু অপারেশনের পর আমার বোনের প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে যায়। পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় ওই হাসপাতালে কয়েকটি পরীক্ষা করিয়ে তাদের কিছু না জানিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এখানে পরীক্ষা করিয়ে চিকিৎসকরা জানান অপারেশনের স্থানে গজ রেখে সেলাই করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথা বলেন। তবে ঝুঁকি জেনেও বরিশারে একজন সিনিয়র চিকিৎসকের রেফারেন্সে ২৯ সেপ্টেম্বর এই হাসপাতালেই অপারেশন করানো হয়। তখন পেট থেকে দুই হাত লম্বা গজ বের করেন চিকিৎসকরা।
তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, 'আর দুই-তিনদিন এভাবে থাকলে আমার বোন মারা যেতেন। আমরা চাই বানরীপাড়া মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের ভুল ও ওই চিকিৎসকের শাস্তি হোক। তাদের অপচিকিৎসায় আমার বোন মৃত্যুপথযাত্রী।'
এ বিষয় চিকিৎসক লুৎফুল আজিজের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে হামিদ মোমেরিয়াল হাসপাতালের পরিচালক মো. অর্পণ আকন বলেন, 'আমি বানারীপাড়ায় নেই। এমন একটি ঘটনা আমার হাসপাতালে ঘটেছে শুনছি। তবে বিস্তারিত কিছু জানিনা। বিস্তারিত জেনে বলতে পারবো আসলে কি ঘটনা ঘটেছিল।'