কুড়িগ্রামের ফুলবাড়িতে শত্রুতার জেরে পুকুরে কীটনাশক দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১ আক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটেছে উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ি গ্রামে।
মাছচাষী দুই ভাই হলেন - ওই গ্রামের লুতফুর রহমান ও মতিয়ার রহমান। তারা প্রতিবেশিদের দুই বিঘা পুকুর ভাড়া নিয়ে দুই বছর ধরে মাছ চাষ করছেন।
লুৎফুর ও মতিয়ার রহমান জানান, চলতি মৌসুমে ওই পুকুরে দেড় লাখ টাকার মাছের পোনা ছেড়েছেন। মাছগুলো প্রায় বিক্রির উপযোগী হয়েছিল। এর মধ্যে রবিবার রাতে কে বা কারা পুকুরে কিটনাশক ছিটিয়ে দেয়। সোমবার সকালে গিয়ে তারা দেখেন, পুকুড়ের সব মাছ মরে ভেসে আছে। পরে জাল টেনে প্রায় ৩০ মণ মাছ তোলা হয়েছে।
তারা বলেন, 'কারা এই সর্বনাশ করল বুঝতে পারছিনা। আমরা সর্বশান্ত হয়ে গেলাম। আইনি ব্যবস্থা নিব। সব হারিয়ে পথে বসে গেছি।'
শিমুলবাড়ি গ্রামের ইউপি সদস্য আসাদুল হক খবরের কাগজ-কে বলেন, 'বিষয়টি জানার পর ঘটনাস্থলে এসে দেখি এলাকার লোকজন জাল দিয়ে টেনে মাছ তুলে নিয়ে যাচ্ছেন। পাশেই মরা মাছের স্তুপ। এসব মাছের মূল্য আড়াই থেকে তিন লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।