রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের জন্য বাসস্থান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
মঙ্গলবার (৩ আক্টোবর) রাজশাহী বিভাগের তৃতীয় লিঙ্গের সদস্য ও তাদের সিবিও নিয়ে অনুষ্ঠিত কো-অর্ডিনেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ঢাকার বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিও-বাংলাদেশ।
সভায় জেলা প্রশাসক বলেন, অদূর ভবিষ্যতে রাজশাহীতে থাকা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের এক স্থানে বাসস্থানের ব্যবস্থা করা হবে। তবে যতদিন এটি সম্ভব হচ্ছে না ততদিন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের বাসস্থানের ব্যবস্থা করা হবে। যিনি যে এলাকার মানুষ তাকে সেই এলাকার আশ্রয়ণ প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হবে।
ইউএনএইডস-এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন - রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সমাজসেবা অধিদপ্তর রাজশাহীর জেলা উপ-পরিচালক হাসিনা মমতাজ, রাজশাহী সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আলম আলী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন - দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সংরক্ষিত আসনের কাউন্সিলর ও দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাগরিকা।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক দায়িত্বে ছিলেন সিবিও-বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মেছবাহ উদ্দিন বিরাজ।
সভায় আপোস-এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলীসহ রাজশাহী বিভাগের প্রতিটি জেলা থেকে আসা সিবিও প্রধান, কর্মকর্তা, প্রতিনিধি ও তৃতীয় জনগোষ্ঠীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা জানান, রাজশাহী শহরে ও শহরের বাইরে তাদের বাসা ভাড়া দিতে চান না বাড়ির মালিকরা। তাই সরকার থেকে স্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করার অনুরোধ জানান তারা।