টাঙ্গাইলে কাভার্ডভ্যান থেকে ১০ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। এ সময় গাড়ির চালককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা রাজিয়া সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ ও তুহিন আলমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন ট্রাকে করে এনে জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে। পলিথিনের সবচেয়ে বড় বাজার রয়েছে মধুপুর পৌরসভায়, ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারে ও টাঙ্গাইল শহরের পার্কের বাজারে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সুলতানা রাজিয়া বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল একটি কাভার্ডভ্যানে করে প্রায় ১০ টন নিষিদ্ধ পলিথিন রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে। পরে অভিযান চালিয়ে সেই গাড়িটি আটক করা হয়। পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়া গাড়ির চালককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে চালক টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’