সিলেটের ওসমানীনগরে অভিনব কায়দায় বালু দিয়ে ঢেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি পাচারকালে চিনিবোঝাই ট্রাকসহ এক চোরাচালানীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর এলাকায় অভিযান চালিয়ে চিনিবোঝাই ট্রাকসহ নিজাম উদ্দিন (২৯) নামে এই চোরাকারবারিকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিনিসহ ট্রাক ও নিজাম উদ্দিনকে আটক করা হয়। আটক নিজাম উদ্দিন জৈন্তাপুর উপজেলার উত্তর ঘাটেরচটি এলাকার বাসিন্দা। এ সময় আরও দুই চোরাচালানী পালিয়ে যায়। পলাতকরা হলেন, একই উপজেলার হরিপুর এলাকার কামরুল ইসলাম ও সাদিক মিয়া।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল কর্মকর্তা মো. সম্রাট তালুকদার খবরের কাগজ-কে জানান, ১৫০ বস্তা ভারতীয় চিনি অভিনব কায়দায় ট্রাকে করে বালু দিয়ে ঢেকে নিয়ে যাওয়ার সময় চোরাচালানীকে আটক করা হয়। এ সময় চিনি ও চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ও পলাতক আসামীদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।