সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে ৯ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় জালসহ পাঁচটি নৌকা জব্দ করা হয়।
বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত ও দুপুরে পৃথক দুই অভিযানে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার খলিশাবুনিয়া ও নোটাবেঁকীর চামটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় আটক জেলেদের কাছ থেকে সুন্দরবনের নদ-নদীতে ব্যবহার নিষিদ্ধ চরপাটা, খালপাটা জালসহ পাঁচটি নৌকা জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন - কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের আব্দুল গফুর সানা, তার ছেলে মিরাজুল ইসলাম, আজিজুল ইসলাম গাজী, জয়নাল গাজী, লুৎফর বিশ্বাস, হাবিবুল্লাহ সানা শ্যামনগর উপজেলার নাপিতখালীর রবিউল হাওলাদার, বিল্লাল হোসেন ও চাঁদনীমুখার মোক্তার হোসেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী খবরের কাগজকে জানান, নোটাবেঁকী টহল ফাঁড়ির সদস্যরা অভয়ারণ্য এলাকায় দুই দফায় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।