মানিকগঞ্জে প্রেমিকের সাথে মনোমালিন্য হওয়ায় বাসায় ফ্যানে সাথে ওড়না পেঁচিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে।
বুধবার (৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ পৌরসভার বৈতরা এলাকার ভাড়া বাসা থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিলকিসের বাড়ি ঘিওর উপজেলার হাটকুড়িয়া গ্রামে। তিনি মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর ধরে বিলকিসের মা বৈতরা এলাকার মো. সুমন হোসেনের বাসায় ভাড়া থাকতেন। বিলকিস ছোট থাকতেই তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। প্রায় চার বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল গ্রামের সোহেলের সাথে বিলকিসের বিয়ে হয়। বিয়ের পরেই বিলকিসের মা বিদেশে চলে যান। তার মা বিদেশে গেলেও তিনি বাসা ছাড়েননি। দুই সপ্তাহ আগে স্বামীর বাড়ির লোকজন তাকে নিতে আসলে তিনি যেতে অস্বীকৃতি জানান। তার অন্য এক ছেলের সম্পর্ক আছে বলে বিয়ে বিচ্ছেদের কথাও শ্বশুরবাড়ির লোকজনকে জানান।
ঘটনা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার খবরের কাগজ-কে বলেন, এলাকা থেকে খবর আসে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে গত রাতে কোন এক সময় ফ্যানের রডের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।