যশোরের শার্শা উপজেলায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (৬ অক্টোবর) রাত ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুর জলিলের ছেলে গোলাম ফারুক (৩৯) ও ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে সোহেল রানা (৩৫)।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মণিরামপুর উপজেলার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমারের ছেলে রাজ কুমার আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। তারা শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে সোহেল রানা নিহত হন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ও বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমারকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করেন। আহত রাজ কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।