বরগুনার বামনা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক মাঠ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় সংস্থাটির আরেক মাঠ কর্মকর্তা গুরুতর আহত হন।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার বামনা-পাথরঘাটা মহাসড়কের চাড়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় দে’র বাড়ি চট্টগ্রামের পাঁচলাইশে ও আহত মেহেদী হাসান পিরোজপুরের ভান্ডারিয়ার বাসিন্দা।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে বামনা-পাথরঘাটা মহাসড়কের চাড়াখালী এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী এনএসআইয়ের দুই মাঠ কর্মকর্তা আহত হন। তাদের বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জয় দে-কে মৃত ঘোষণা করেন এবং তার সহকর্মী মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ওসি আরও বলেন, সুরতহাল শেষে এনএসআই কর্তৃপক্ষকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।