মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী দল। তবে এখনো নিখোঁজ রয়েছে তিন শিশু।
রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় নদী থেকে শিশু জান্নাতুল মাওয়ার (৮) এবং সকাল ১০টার দিকে ষাটনল লঞ্চঘাটের সামনে গাজীবাড়ি এলাকা থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
এর আগে শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় একটি বাল্কহেডের ধাক্কায় ১১ যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। এতে ছয়জন নিখোঁজ হন। শনিবার সকালে সুমনা আক্তার নামে এক নারী এবং রবিবার জান্নাতুল মাওয়া ও সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়।
বৈরী আবহাওয়ার কারণে শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হলেও রবিবার সকাল ৬টা থেকে আবারও সমন্বিত উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিটিএ ও নৌপুলিশ।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক ওবায়দুল করিম জানান, উত্তাল মেঘনায় তীব্র স্রোত এবং পানির গভীরতা অনেক বেশি। এ কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।