নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার (৭ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার নাগেরচর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন - অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) এবং তাদের ১৯ মাস বয়সী শিশু কাব্য। অরিজিৎ একটি এনজিওতে কাজ করেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে রিংকুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে। তার স্বামী অরিজিতের শরীরের ১৪ ভাগ ও শিশু কাব্যের ২০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও দগ্ধদের প্রতিবেশীরা জানান, শনিবার রাতে রিংকু তার মেয়ের জন্য দুধ গরম করতে রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই ঘরে আগুন লেগে যায়। পরে তাদের চিৎকারে দগ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেন, ‘দগ্ধদের বাড়িতে গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। ঘটনার পর পুরো রুমে আগুন ধরে যায়। তবে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে চুলায় সংযোগ দেওয়া পাইপ লিকেজ হয়ে রান্নাঘর ও রুমে গ্যাস জমেছিল। সেখানে দিয়াশলাই জ্বালাতেই আগুন ধরে যায়। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’