বরগুনার পায়রা নদীর এক ইলিশ মাছের দাম উঠেছে ৫ হাজার টাকা। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় আমতলী লঞ্চঘাটে বিক্রির জন্য আনা হয় মাছটি। এর ওজন ছিল ২ কেজি।
স্থানীয় লঞ্চঘাটের জেলে খলিল ফকির বলেন, ‘পায়রা (বুড়িশ্বর) নদীর বুড়িরচর পয়েন্টে দুপুরে জাল ফেলি। বিকালে জাল টানার পর ছোট-বড় আরও কয়েকটি ইলিশের সঙ্গে ওঠে দুই কেজির একটি ইলিশ। সন্ধ্যায় মাছটি লঞ্চঘাটে উঠানো হলে ক্রেতার পাশাপাশি উৎসুক মানুষ ভিড় জমায়। এত বড় ইলিশ সহজে পাওয়া যায় না, তাই মানুষের এত আগ্রহ।’
মাছ ব্যবসায়ী সুজন বলেন, ‘আড়াই হাজার টাকা কেজি দরে দুই কেজির এ ইলিশের দাম চাওয়া হয় পাঁচ হাজার টাকা।’
লঞ্চঘাটের জেলে লিটন সদাগর বলেন, ‘পায়রা বুড়িশ্বর নদীতে একসময় প্রচুর ইলিশ পাওয়া যেত। পাঁচ-ছয় বছর আগেও জেলেদের জালে প্রায় দুই-আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়ত। তবে এখন সেই ইলিশ দেখা যায় না। নদীটির সাগর মোহনায় অসংখ্য ডুবোচর পড়ে ইলিশের গতিপথে বাধা পড়েছে। এতে ইলিশশূন্য হয়ে পড়েছে নদীটি।’
আমতলী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ‘সাগরে ৬৫ দিনের মাছ ধরা নিষিদ্ধ কর্মসূচি সফল হয়েছে। এতে বেশিরভাগ ইলিশের আকার ও ওজন বেড়েছে।’