মাদারীপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং যুব সমাজকে নেশার ছোবল থেকে বাঁচাতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) বেলা আড়াইটায় সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের কুমার নদীতে শুরু হয় এ নৌকা বাইচ।
স্থানীয় গাছবাড়ীয়া প্রভাতী সংঘ এই নৌকা বাইচের আয়োজন করে। এতে ৩০টি নৌকা অংশ নেয়।
বাইচে পেয়ারপুর, ঘটমাঝি ও মস্তফাপুর সীমানায় বহমান কুমার নদীতে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ নৌপথের নৌকাবাইচ দেখতে হাজার হাজার নারী-পুরুষ ভীড় করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাহফুজুর রহমান লাবলু তালুকদার।
নৌকাবাইচে প্রথম, দ্বিতীয় স্থান অধিকারীদের একটি করে ফ্রিজ ও তৃতীয় স্থান অধিকারীকে টেলিভিশন উপহার দেওয়া হয়।
প্রধান অতিথি বলেন, ‘এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি যুবসমাজ ও গাছবাড়ীয়া প্রভাতী সংঘকে ধন্যবাদ জানাই এবং নেশা ও যুব সমাজকে বর্তমান নেশার ছোবল থেকে একদিনের জন্য হলেও রক্ষা করতে পারছে এই উদ্যোগ। ভবিষ্যতে তারা কোন ভাল উদ্যোগ নিলে আমি পাশে থাকব।‘