চট্টগ্রামে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার দাবিতে ব্যতিক্রমধর্মী রিকশা মিছিল ও মানববন্ধন করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ক্যাবের উদ্যোগে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ও সিন্ডিকেট কারসাজি বন্ধের দাবিতে রিকশা মিছিল ও মানববন্ধন করে তারা।
এ সময় বক্তারা বলেন, সরকার চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর আমদানির ওপর শুল্ক কমিয়েছে। খাদ্যপণ্য আমদানির ওপর সরকার ৫ শতাংশ কর হ্রাস করেছে। কিন্তু দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে তার কোনো প্রভাব নেই। উল্টো ভোজ্যতেলের দাম বেড়েছে লিটারে দুই টাকার কাছাকাছি, পেঁয়াজের দামও আগের মতোই অস্থির। মূল্য ভোক্তার কাঙ্ক্ষিত নাগালের কাছে আসছে না।
তারা বলেন, ভরা মৌসুমের মধ্যে একদিকে চালের ঊর্ধ্বমূল্য; অন্যদিকে শীতকালীন শাকসবজির ভালো উৎপাদনের মধ্যে এসবের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতাকে সদম্ভে বৃদ্ধাঙুলি দেখিয়ে যাচ্ছে। আইন প্রয়োগে শিথিলতা ও স্থানীয় প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ের কারণে কতিপয় অসাধু ব্যবসায়ী বারবার পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে কারসাজি, মজুত ও অতিমুনাফাসহ নানা কারসাজি করছেন। আর যারা এগুলো দেখার দায়িত্ব তারা ‘দেখেনি বা কোনো অভিযোগ পাই নাই’- এভাবে নানা অজুহাতে বিষয়টি পাশ কাটানোর কারণে ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ভোক্তাদের পকেট কাটছে। ব্যবসায়ীরা একবার পেঁয়াজ, একবার আলু, একবার আদা-মসলা, আরেকবার স্যালাইন আবার ডাবের মতো পণ্য নিয়ে কারসাজি করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে।
আইন প্রয়োগে চেহারা ও রাজনৈতিক পরিচয় দেখে ব্যবস্থা নেওয়ার কারণে আইনের স্বাভাবিক গতি বারবার ব্যাহত হচ্ছে। সংকট হলেই প্রশাসন বলে বেড়ান সাঁড়াশি অভিযান হবে বলে হুংকার দিলেও শেষ পর্যন্ত খুচরা দোকানে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছাকে কার্যত ব্যর্থ করে দিচ্ছেন। যার কারণে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার বাজার তদারকিতে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিলেও সেগুলো কাগজে-কলমেই থেকে যাচ্ছে। মাঠপর্যায়ে তার কোনো সুফল আসছে না।
ক্যাব যুব গ্রুপের চট্টগ্রাম মহনগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় রিকশা মিছিল ও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, পরিবেশবিদ বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, ন্যাপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাসগুপ্ত, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভূঁইয়া, ক্যাব চকবাজারের আবদুল আলীম, ক্যাব বায়েজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ব ম হুমায়ুন কবির, ক্যাব হাটহাজারীর লায়লা ইয়াছমিন, ক্যাব যুব গ্রুপের রাসেল উদ্দীন, এমদাদুল ইসলাম, আবরারুল করিম নেহাল, আরাফাত হোসেন, সাফার আহমেদ, তানিয়া সুলতানা, রাকিবুল ইসলাম, আতিশ বড়ুয়া, কোবাইস প্রমুখ।
এসএম ইফতেখারুল/জোবাইদা/অমিয়/