কোনো ধরনের চাপে চট্টগ্রামের ফুটপাত-রাস্তা দখলমুক্ত করার চলমান কার্যক্রম বন্ধ না করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নগরের লালদীঘিপাড়ের দুর্যোগব্যবস্থাপনা ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত চসিকের ষষ্ঠ নির্বাচিত পরিষদের ৩৭তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নগরবাসীকে রাস্তায় নিরাপদে হাঁটার অধিকার ফিরিয়ে দিতে নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছি। জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ করেই মাঠে নেমেছি। কোনো প্রভাব-প্রতিপত্তি, চাপ দিয়ে আমাকে থামানো যাবে না। কোনো চাপে আমি নত হব না, উচ্ছেদ অভিযান চলবে। হকাররা ব্যবসা করুক আমার তাতে আপত্তি নেই। তবে ফুটপাত দখল করে কেন হকার বসবে? এখানে হলিডে মার্কেট করে দেব। শুক্র-শনিবার হকাররা ব্যবসা করুক। কিছু কুচক্রী মহল ছাড়া রাস্তা-ফুটপাত উদ্ধার হওয়ায় সবাই খুশি।’
পিডিবির প্রতিনিধিদের উদ্দেশে মেয়র বলেন, ‘অবৈধভাবে দোকান বসানো ব্যক্তিরা কীভাবে বিদ্যুতের লাইন পেল? আমরা বিদ্যুৎ বিভাগকে প্রতি মাসে কোটি টাকা বিল দিই। আমাদের কোনো প্রতিষ্ঠানের দুই-তিন মাস বিল বাকি থাকলে লাইন কেটে দেন। কোনো বাসায় বিদ্যুতের লাইন দিতে গেলে তো অনেক দলিল খোঁজেন। আমার প্রশ্ন ফুটপাত দখলকারীরা কীভাবে বিদ্যুতের লাইন পায়? অবৈধ দখলদারদের বিদ্যুতের লাইন পেলে কেটে দেব, জেনারেটর পেলে জব্দ করব। কয়দিন আগে আগ্রাবাদে দেখলাম ঝুলন্ত তারের জঞ্জালে আগুন জ্বলছে। বিদ্যুতের পিলার যেন ডিশ-ইন্টারনেট ক্যাবলের জঞ্জালে পরিণত না হয় সে বিষয়ে পিডিবিকে পদক্ষেপ নিতে হবে।’
তিনি বলেন, ‘ফুটপাত রক্ষায় পুলিশ, র্যাব, সাংবাদিকদের সহযোগিতা চাই। আমার তো কোনো ফোর্স নেই। আপনাদের সহযোগিতা লাগবে। আমরা যেখানে উচ্ছেদ করছি, সেখানে সংশ্লিষ্ট থানা একটু মনিটরিং করলেই ভয়ে আর কেউ বসবে না। আমরা সবাই মিলে কাজ করলে ছয় মাসের মধ্যে শহরের চেহারা বদলে যাবে। অপরাধও কমে যাবে। নিউমার্কেট মোড়ে দেখেন, অভিযান চালানোর পর ছিনতাই কমে গেছে। আপনাদের বলব, কোনো প্রভাবশালী ব্যক্তি যাতে আমাদের দমাতে না পারে।’
মেয়র বলেন, ‘আমাদের নগরীর সৌন্দর্যের কথাও ভাবতে হবে। পিডিবির অনেক বিদ্যুতের খুঁটি নালায় পড়েছে। যে কারণে জলাবদ্ধতা হয়, এগুলো রাস্তার মাঝে পড়ায় যানজট হয়। এগুলো সরাতে হবে। ওয়াসাকে অনুরোধ করব, পানির লাইনে লিকেজ হয়ে যাতে রাস্তা নষ্ট না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সিডিএকে বলব, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের গতি বাড়াতে হবে। ভবন নির্মাণের অনুমতির ক্ষেত্রে চসিকের অনুমতি গ্রহণও বাধ্যতামূলক করলে কেউ ফুটপাত-রাস্তা দখল করে বাড়ি করতে পারবে না, এতে যানজট কমবে। কেউ যত্রতত্র ময়লা ফেললে, কে ফেলেছে দেখব না। যার প্রতিষ্ঠান-বাসার সামনে ময়লা পাব তাকে জরিমানা করব।’
সভায় চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম সব ধরনের রিকশা বন্ধ করে সোলার চালিত গাড়ি চালু করার প্রস্তাব দেন।
মেয়রের একান্ত সচিব আবুল হাশেম নিউমার্কেট মোড়ে উচ্ছেদ অভিযানের সময় হামলার ঘটনায় মামলার কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি বলে জানান।
ট্রাফিক বিভাগের এডিসি মো. কাজী হুমায়ুন রশীদ বলেন, ‘নির্বিঘ্নে রাস্তা পারাপারের স্বার্থে নগরীজুড়ে জেব্রা ক্রসিং গড়ে তুলতে হবে। নগরীতে যেসব নতুন ভবন তৈরি হচ্ছে সেগুলোর সামনে বিল্ডিং কোড অনুসারে জায়গা ছাড়া হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে। ব্যাটারি রিকশা বন্ধে সম্মিলিত পদক্ষেপ দরকার।’
পিডিবির প্রতিনিধি উপসহকারী প্রকৌশলী মো. আবু মুসা জানান, ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ কমাতে নিয়মিত অভিযান চালাচ্ছে পিডিবি। ভবিষ্যতে তারের জঞ্জাল কমাতে পিডিবির পোল ব্যবহার ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে।
সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, সব প্যানেল মেয়র, কাউন্সিলর, চসিকের বিভাগীয় ও শাখা প্রধান এবং নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইফতেখারুল/পপি/