খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ডাকে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
বুধবার (১৫ মে) সকাল ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
সড়ক অবরোধের কারণে সকাল থেকে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অবরোধে খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি যাত্রীবাহী এবং পণ্যবাহী কোনো পরিবহন।
সকালে খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি, দীঘিনালা, গুইমারার ব্যাইল্যাছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ির-রাঙামাটি সড়কের কতুকছড়ি, রাঙামাটির সাজেক, ভেদভেদিসহ বিভিন্ন সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।
চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিল, রাজা-হেডম্যান-কারবারি পদবী বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগ এনে; এর প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসীত গ্রুপ) এ সড়ক অবরোধের ডাক দেয়।
সংগঠনগুলোর অভিযোগ, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগণ তথা স্থায়ী বাসিন্দারা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের মাধ্যমে কিছুটা হলেও প্রথাগত অধিকার ভোগ করে আসছে। কিন্তু সরকার এই অধিকারকে সুরক্ষা না দিয়ে উল্টো আদালতের মাধ্যমে আইনটি বাতিল বা অকার্যকর করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
আইনটি না থাকলে রাজা, হেডম্যান ও কারবারির পদবী বিলুপ্ত হয়ে যাবে। তাদের আর কোনো ক্ষমতা থাকবে না।
দিদারুল আলম/অমিয়/