দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্ট (নিলস) বাংলাদেশ এর উদ্যোগে 'আইনি সচেতনতামূলক কার্যক্রম' অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় খোয়াজনগরের আয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজে এ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্ভোধন করে নিলস বাংলাদেশের সভাপতি সাবিত কায়েস রাহাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহফুজুর রহমান।
নিলস বাংলাদেশ এর সভাপতি সাবিত কায়েস রাহাত বলেন, আইন সম্পর্কে সচেতনতার বিষয়টি প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা উচিত, তা হলে সাধারণ মানুষ আর আইন, কোর্ট কাচারিকে ভয় পাবে না, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে। তাহলেই আমাদের দেশের প্রায় অর্ধেক মামলার জট কমে যাবে।
আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিলসের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
আলোচনায় বক্তারা সাইবার নিরাপত্তা, যৌন হয়রানি, ভোক্তা অধিকার, যৌতুক নিরোধ আইন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী আইন, পুলিশের কাছে প্রাথমিক সহায়তা, আইনবিষয়ক আলোচনা করেন।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ পর্বে সহ সভাপতি তারিনা আক্তার বলেন, আইনি সচেতনতা বিষয়ক অনুষ্ঠানটি এই প্রত্যন্ত অঞ্চলে করতে পেরে অনেক ভালো লেগেছে। এসব অঞ্চলের সাধারণ মানুষ আইনবিষয়ক নানা সমস্যায় অনেক পিছিয়ে আছে আমাদের এই অনুষ্ঠানটি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং আইনি সমস্যাগুলোর প্রতিবাদের সাহস যোগাবে।
আয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীর মাইশা মেহেজাবিন বলেন, স্বাধীনভাবে চলতে হলে আইন জানা প্রয়োজন। বিদ্যালয়ের গণ্ডিতে সব বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হলেও আইন বিষয়ক জ্ঞানচর্চা হয় না, যার কারণে আমরা অনেক ধরনের সমস্যার স্বীকার হয়েও আইনের সহায়তা নিতে পারি না। তাই আইনি সচেতনতামূলক প্রোগ্রাম এই কলেজে জন্য নিলস বাংলাদেশকে ধন্যবাদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহফুজুর রহমান বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের ছাত্রজীবন থেকেই নিজ নিজ আইনি অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। তাহলেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারবো।
উল্লেখ্য, দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট (নিলস) ৬টি মহাদেশের ২৬টি দেশের আইনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মশালা, প্রতিযোগিতা, ডেলিগেশন প্রোগ্রাম, রেসিডেন্সিয়াল স্কুল প্রোগ্রাম, আইনি সহায়তামূলক কার্যক্রম এবং আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার মাধ্যমে আইনি শিক্ষায় অবদান রেখে থাকে। প্রতিবছর নিলস বাংলাদেশ বৃহৎ পরিসরে এ আয়োজন করে থাকে যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে প্রশংসা কুড়িয়েছে। বিগত বছরে আমাদের এ আয়োজনের ছবি যুক্তরাজ্যের তৎকালীন ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার তার টুইটারে প্রশংসা করে শেয়ার করেছেন ।