পার্বত্য চট্টগ্রামে বন ধ্বংসকারী কাসাভা চাষ বন্ধ করতে নগরে মানববন্ধন করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। তারা এশীয় উন্নয়ন ব্যাংককে কাসাভা চাষে অর্থায়ন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। কাসাভা চাষ পার্বত্য অঞ্চলের বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে বলে তারা জানায়।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে নগরের জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
পিট্টাছড়া বন ও বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগের আয়োজনে এ মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), গ্রিন ফিঙ্গারস, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এবং দ্য রিভার কনজারভেশন মুভমেন্টসহ কয়েকটি সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে পিট্টাছড়া বন ও বন্য প্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাফুজ আহমেদ রাসেল বলেন, ‘প্রাণ আরএফএল গ্রুপের প্রাণ অ্যাগ্রো এবং রহমান কেমিক্যালস পার্বত্য অঞ্চলে কাসাভা চাষের জন্য দায়ী। স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে করপোরেটরা গত দুই বছরে মাটিরাঙ্গা এলাকায় ১ হাজার ২০০ একরের বেশি বন ও জীববৈচিত্র্য ধ্বংস করেছে।’
রাসেল অভিযোগ করেন, ‘মার্কিন দাতা সংস্থা ইউএসএআইডি সম্প্রতি প্রাণ অ্যাগ্রোর সঙ্গে যৌথভাবে পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে একটি প্রকল্প হাতে নিয়েছে, যা মূলত কাসাভা চাষের মাধ্যমে বনজ সম্পদ ধ্বংসের জন্য দায়ী। যদি কৃষিকাজ বন্ধ করা না যায়, তবে মাটির ক্ষয় এই অঞ্চলের সব খাল এবং নদী ধ্বংস করে দেবে, যা পার্বত্য অঞ্চলগুলোকে আদিবাসীদের জন্য বসবাসের অযোগ্য করে তুলবে।’
এ অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় কাসাভা চাষ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মাফুজ আহমেদ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মুনিরা পারভিন রুবা, গ্রিন ফিঙ্গারসের সমন্বয়ক আবু সুফিয়ান, নদী সংরক্ষণ আন্দোলনের সভাপতি মোহাম্মদ জাফর, পরিবেশ কর্মী ড. মনজুরুল করিম বিপ্লব প্রমুখ।