চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরে নিজের মেয়েশিশুকে হত্যার পর আফরোজা আফরিন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিবিরহাটের কামাল ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
নিহত আফরোজা আফরিন ফটিকছড়ি পৌরসভা ৮নং ওয়ার্ডের মোহাম্মদ আনোয়ারুল ইসলামের স্ত্রী। প্রায় আড়াই বছর আগে তাদের বিয়ে হয়েছিল। নিহত শিশুটি তাদের একমাত্র সন্তান।
জানা গেছে, মঙ্গলবার সকালে আফরোজা তার শিশুকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। ঘরের ভেতরে কোনো সাড়া না পেয়ে শ্বশুর মো. কামাল এবং ননদ তাকে অনেকবার ডাকাডাকি করেন। ভেতর থেকে সাড়া না পাওয়ায় তারা ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।
শ্বশুর মো. কামাল পুলিশকে বলেন, আফরোজার কিছুদিন ধরে মানসিক সমস্যা দেখা দেওয়ায় তার চিকিৎসা চলছিল। আড়াই বছর আগে আমার ছেলের সাথে আফরোজার বিয়ে হয়। সম্প্রতি আফরোজার মানসিক সমস্যা দেখা দিলে আমরা ডাক্তার ও কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছি। ধারণা করা হচ্ছে, আজ সে আমার নাতনিকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছে।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আমরা এসে দরজার তালা ভেঙে লাশ উদ্ধার করেছি। ঘরের ভেতর গৃহবধূর লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং তার শিশু সন্তানের লাশ খাটের ওপর পাওয়া যায়। আমরা ঘটনা তদন্ত করছি এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নাজমুল/মেহেদী/