আখাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় উদীয়মান ক্রিকেটার শ্রাবণ নিহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে আখাউড়া–আগরতলা আন্তর্জাতিক সড়কের উপজেলার সাতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু ও অটোরিকশায় থাকা এক নারী আহত হয়েছেন।
নিহত শ্রাবণ আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ার রাজা মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রিকেট ম্যাচ খেলা শেষে রাত আনুমানিক ৯টার দিকে শ্রাবণ ও তার বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সাতপাড়া এলাকা থেকে মূল সড়কে ওঠার সময় একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তারা দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় অটোরিকশায় থাকা এক নারীও আহত হন।
পরে গুরুতর আহত শ্রাবণকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্রাবণের মৃত্যুতে মসজিদপাড়াসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রতিবেশী সেন্টু ঘোষ বলেন, “শ্রাবণ ছিল আখাউড়ার একজন সম্ভাবনাময় ক্রিকেটার। খুব অল্প বয়সেই এমন অকাল মৃত্যু আমরা কেউই মেনে নিতে পারছি না।”
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম জানান, ওই সড়ক দুর্ঘটনায় মোট পাঁচজন গুরুতর আহত হন। তাদের মধ্যে রাতে শ্রাবণের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অল্প বয়সে নিভে যাওয়া এই প্রাণ শুধু একটি পরিবারের নয়, হারিয়ে গেল আখাউড়ার ক্রিকেট অঙ্গনের একটি উজ্জ্বল সম্ভাবনা।
জুটন বনিক/অমিয়/