সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম উপসর্গে সিলেট বিভাগে মোট ৮ শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১ জন।
শনিবার (২৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
একইসঙ্গে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে পরীক্ষা করে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সী হুমায়রা, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়া বাকি দুজন সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৮০ জনের শরীরে ল্যাব কনফার্ম সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৫ জন, সুনামগঞ্জে ৩২ জন এবং সিলেট জেলায় ২৬ জন আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনকে সন্দেহজনক হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, মৌলভীবাজার সদর হাসপাতালে পাঁচ জন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগজুড়ে মোট ১৬৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩ জন রয়েছে। অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালে ছড়িয়ে আছে বাকি রোগীরা।
নাঈম/