মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেন (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তার কক্ষের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
শুক্লা সেন মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে রিসিপসনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে কক্ষের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পেয়ে ভেতরে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এরপরই বিষয়টি পুলিশকে জানান।
শুক্লা সেনের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে। তিনি অঞ্জন সেন ও লক্ষী রানী সিনহা দম্পতির বড় মেয়ে ছিলেন। চাকরির সুবাদে তিনি শহরের ওই বাসায় একাই থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
অমিয়/