রাজধানীর যাত্রাবাড়ীতে ঘরে ঢুকে বিশেষ চাহিদাসম্পন্ন (বাকপ্রতিবন্ধী) দুই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ দুই শিশু সম্পর্কে বোন। এ ঘটনায় রেজাউল করিম (৬০) নামে এক অটোরিকশাচালককে হাতেনাতে আটকের পর পুলিশে দিয়েছেন প্রতিবেশীরা।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই প্রতিবেশীরা ভুক্তভোগী শিশুদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।
জানা যায়, ভবনের নিচতলার ভাড়াটিয়া রেজাউল করিম বাসায় ঢুকে দুই মেয়েকে ধর্ষণ করে। শিশু দুটির চিৎকারে প্রতিবেশীরা এসে রেজাউলকে নগ্ন অবস্থায় দেখতে পান। তখন তাকে আটক করে পুলিশে খবর দেন।
শিশুদের মা বলেন, ‘আমি গরিব মানুষ। রাস্তায় পিঠা বিক্রি করি। আমার স্বামী খিচুড়ি বিক্রি করেন। দুজনে মিলে সংসার চালাই। গতকাল রাতে আমরা কাজে ছিলাম। এ সুযোগে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। রেজাউলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঢামেক হাসপাতালের ওসিসির সমন্বয়কারী ডা. সাবিনা ইয়াসমিন জানান, বুধবার দিবাগত রাতে শিশু দুটিকে পুলিশের মাধ্যমে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখনো ফল আসেনি। তবে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, তারা ধর্ষিত হয়েছে। শারীরিকভাবে সুস্থ থাকলেও তারা মানসিকভাবে ভেঙে পড়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দীন জানান, রেজাউল করিম নামে ওই ব্যক্তি শিশু দুটিকে ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিবেশীরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার একটি মামলা করেছে। সেই মামলায় রেজাউলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।