প্রাথমিক শিক্ষার উন্নয়নে সম্ভাব্য সব কিছু করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।
রবিবার (২৮ জানুয়ারি) রাতে রাজধানীর আইডিইবি মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার সংস্কার উদ্যোগ: বাংলাদেশ প্রেক্ষাপটে বাস্তবায়ন কৌশল‘ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা জানান। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে দেশের স্কুল সমূহের ভৌত-অবকাঠামো আধুনিকায়নের পাশাপাশি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে পাঠদানের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। প্রাথমিক শিক্ষাই আগামী দিনের স্মার্ট নাগরিকের প্রথম পাঠ। তাই এ শিক্ষার উন্নয়নে সম্ভাব্য সব কিছু করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, যোগ্য ও দক্ষ শিক্ষকের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশের কারিগর। তাই স্বচ্ছতার ভিত্তিতে মানসম্মত শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। বিদ্যালয়গুলোতে স্মার্ট ক্লাসরুম ও ল্যাংগুয়েজ ল্যাব স্থাপন করা হচ্ছে।
আইডিইবির সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সেমিনার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কারিগরি শিক্ষা বোর্ডের কোর্স অ্যাক্রিডিটেশন বিশেষজ্ঞ ড. মো. শাহ আলম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক।
কবির/এমএ/