মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১ অক্টোবর) বিকেলের এই ঘটনায় গির্জার ভেতরে আরও ২০ জনের মতো আটকা পড়েছেন বলে জানা গেছে।
দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সিউদাদ মাদেরোর সান্টা ক্রুজ নামের ওই ব্যাপ্টিস্ট গির্জার ছাদ ধসে আহত ৪৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। গির্জাটি উপকূলীয় রাজ্য তামাউলিপাসে অবস্থিত।
পুলিশ জানিয়েছে, ওই সময় গির্জার ভেতরে প্রায় ১০০ জন লোক ছিল। আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের চারপাশে লোকজন ভিড় করেছে, যারা ভেতরে আটকা পড়েছেন তাদের মরিয়া হয়ে খুঁজছে।
এরই মধ্যে উদ্ধার কাজে নিয়োজিতদের সহায়তার জন্য উদ্ধারসামগ্রী ও চিকিৎসাসামগ্রী চেয়ে সামাজিক মাধ্যমে আবেদন জানানো হয়েছে।
এদিকে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত সবাইকে নীরব থাকার অনুরোধ জানিয়েছেন, যাতে তারা ভেতরে আটকে পড়াদের ডাক শুনতে পান।
ট্যাম্পিকোর বিশপ হোসে আরমান্দো আলভারেজ ক্যানো সামাজিক মাধ্যমে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের খুঁজে বের করার কাজ চলছে। তিনি এটিকে একটি কঠিন সময় হিসেবে উল্লেখ করেছেন। সূত্র: বিবিসি