থ্যাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিলাসবহুল শপিংমলে সিয়াম প্যারাগনে মঙ্গলবার সন্ধ্যায় বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত হয়েছে। একজন বিদেশি নাগরিকসহ আহত হয়েছেন আরও চারজন।
ঘটনার পর সন্দেহভাজন ১৪ বছরের এক কিশোরকে আত্মসমর্পণের পরে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হাতে একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানিয়েছে পুলিশ।
দেশটির প্রধানমন্ত্রী স্রেত্থা থাভিসিন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্রেতারা মলের বাইরে যেতে ছোটাছুটি করছিলেন; কিন্তু মার্কেটের দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় শপিংমলের কাছাকাছি সিয়াম মেট্রো স্টেশনও বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা দোকান ও বাথরুমে লুকিয়ে ছিলেন। অনেকেই ঘটনার সময়ের ভিডিও পোস্ট করেছেন, যা মার্কেটটির ভেতর থেকে নেওয়া হয়েছে। একটি ভিডিওতে ব্যস্ত কমপ্লেক্সের মধ্যে চার রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। সূত্র: বিবিসি