দুর্নীতির মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার জামিন স্থগিত করে চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত ১ নভেম্বর পাপিয়াকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল বিভাগে আবেদন করলে পরদিন ২ নভেম্বর এক আদেশে পাপিয়ার জামিন স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।
বিষয়টি সোমবার (৪ ডিসেম্বর) আপিল বিভাগের কার্যতালিকায় এলে জামিন স্থগিতাদেশ বহাল রাখেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। একই সঙ্গে পাপিয়ার জামিন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত। শুনানিতে দুদকের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। পাপিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু।
অবৈধ উপায়ে সাড়ে ৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৪ আগস্টে তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ। তদন্ত শেষে পাপিয়া এবং তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। পরে এর মামলায় বিচারকাজ চলমান আছে। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।