বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে আপনারা নিশ্চিত থাকতে পারেন তারেক রহমানের নেতৃত্বে সংবাদপত্রের স্বাধীনতা খুঁজে পাবেন। মুক্ত বিহঙ্গের মতো আপনারা আপনাদের সংবাদ পরিবেশন করবেন, যেখানে কোনো বাধা থাকবে না।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত শেষে শাহরাস্তি প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
খোকন বলেন, ‘দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি। অবৈধ সরকার আপনাদের গলা টিপে ধরেছিল। বর্তমানে সে বাধা অতিক্রম করে আপনারা কাঙ্ক্ষিত দেশ পাওয়ার জন্য যে বলিষ্ঠ ভূমিকা রাখা প্রয়োজন সেভাবে ভূমিকা রাখতে পারছেন।’
তিনি বলেন, ‘গত ১৫ বছরে জনগণ ভোট কী একথা ভুলে গেছে। আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আপনারা আগামীতে কাকে ভোট দেবেন সেটা বিবেচ্য বিষয় নয়। জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার দেখতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, অনতিবিলম্বে সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। যাতে মানুষ জানতে পারে সংস্কারে কতটুকু সময় লাগতে পারে।’
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. আবুল বাসার, ইয়াসির আরাফাত অনিকসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ফয়েজ/সালমান/