বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত দেড় দশক ধরে আওয়ামী স্বৈরাচার সরকারের দলীয়করণে ক্রীড়াঙ্গনের যেসব ভালো ক্রীড়া সংগঠক বঞ্চিত রয়েছেন, যারা মাঠে ছিলেন কিন্তু মাঠে থেকেও হারিয়ে গেছেন, আমরা তাদের মাঠে ফিরিয়ে আনতে চাই।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে মিরপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, ‘স্বৈরাচার আওয়ামী সরকার যেটা করেছে, বিএনপি তার উল্টোটা করতে চায়। আমরা কখনো ক্রীড়াঙ্গনে দলীয়করণ করব না-রাজনীতিকরণ করব না এবং করতেও চাই না। আমরা এই বিষয়ে সবার কাছে ওয়াদাবদ্ধ।’
গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী স্বৈরাচার হাসিনা সরকারের শাসনামলে আমরা কখনো উন্মুক্তভাবে খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চা করতে পারিনি। কোনো রাজনৈতিক কর্মসূচি ঠিকমতো পালন করতে পারিনি। ওই সময়টাতে আমরা কঠিন সময় অতিবাহিত করেছি। আজকে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি।’
জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আওয়ামী সরকার তাদের শাসনামলে দেশের ক্রীড়াঙ্গনে দলীয় ও রাজনীতিকরণ করে ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই ধ্বংসাত্মক ক্রীড়াঙ্গনকে টেনে তোলার কাজ শুরু করেছি।’
টুর্নামেন্ট উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।
সালমান/