আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য ভারত বাংলাদেশের ১৮ কোটি মানুষের সঙ্গে দুশমনি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য ভারত বাংলাদেশের ১৮কোটি মানুষের সঙ্গে দুশমনি শুরু করেছে। শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য বাংলাদেশের মানুষের সঙ্গে দুশমনি। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, অন্য কোনো শক্তির কাছে বাংলাদেশের মানুষ মাথা নত করবে না।’
শনিবার (৭ ডিসেম্ব) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘রাজনীতির আখলাক পরিবর্তন করা প্রয়োজন। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ফিটিংবাজের রাজনীতি আর মানুষ চায় না। ভালো মানুষ সংসদে গেলে ভালো সরকার গঠন হবে, ভালো সরকার ভালো আইন তৈরি করবে। ৫ আগস্টের আগের আর পরের রাজনীতি সম্পূর্ণ আলাদা। দেশে একটি সুশাসন প্রতিষ্ঠা হবে। হিন্দু-মুসলমান সবাই সমান অধিকার পাবে। হিন্দুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের মুসলিমদের।’
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের মানুষকে বদনাম করার জন্য একটি সাম্প্রদায়িকতার অভিযোগ করা হয়েছে। আমরা তীব্রভাবে এই নিন্দা করেছি এবং এ সরকারকে আমরা সর্বাত্মক সমর্থন দিয়ে আছি।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বেপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানের সঞ্চালনায় সবায় বক্তব্য রাখে উপজেলা ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
মঈনউদ্দিন সুমন/জোবাইদা/অমিয়/