চাঁদপুরের মতলব দক্ষিণে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এই গণপদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগপত্রে সবার আগে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন। তার সঙ্গে পদত্যাগ করেন পৌর জাতীয় পার্টির সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।
পরে এক সংবাদ সম্মেলনে ডি এম আলাউদ্দিন পদত্যাগের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার পেছনে মূল কারণ হলো— ফ্যাসিস্ট সরকারের সময় জাতীয় পার্টি তাদের সমর্থন দিয়েছে। এতে আমরাও অনিচ্ছাকৃতভাবে সেই অপরাধের অংশীদার হয়েছি। এ দায় থেকে মুক্তি পেতে ও জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করেছি। উপজেলা জাতীয় পার্টির ১৫১ সদস্যের মধ্যে প্রায় ৯০ শতাংশ নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় জনগণের আন্দোলন, ছাত্র-জনতার অধিকার এবং সুষ্ঠু রাজনীতির পক্ষে। ফ্যাসিস্ট সরকারের সময়ে উপজেলা জাতীয় পার্টি গুম-খুন বা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল না। তবুও কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান বিবেচনায় নিজেদের দায়মুক্ত ভাবতে পারিনি। সেই বিবেকবোধ থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে যদি কোনো নতুন দলে যোগ দেই, তাহলে সবাই একসঙ্গে দেশের স্বার্থে, দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে যুক্ত হব।’
ফয়েজ/সালমান/