পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রার্থী পরিবর্তন করে জাকারিয়া পিন্টুর নাম ঘোষণার দাবিতে পাবনার ঈশ্বরদী বিএনপির একটি অংশ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
গত ৩ নভেম্বর দেশের অন্যান্য আসনের ন্যায় পাবনা-৪ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকে ঈশ্বরদী বিএনপির অপর একটি অংশ হাবিবুর রহমানের নাম পরিবর্তন চেয়ে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি করে আসছে তার অনুসারী নেতাকর্মীরা। একই দাবিতে তারা সোমবার এ বিক্ষোভ মিছিল ও পথসভা করে।
বিক্ষোভ মিছিলটি শহরের রেলগেট খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল থেকে বিকেল পৌনে ৫টায় শুরু হয়। মিছিল শুরুর আগে শহরের পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে জাকারিয়া পিন্টুর অনুসারীরা খণ্ড খণ্ড মিছিল ও মোটর সাইকেল শোভাযাত্রা করে বাসটার্মিনালে আসে।
বিকেল সাড়ে ৪টার আগেই বাসটার্মিনাল নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়। বিক্ষোভ মিছিলটি বাসটার্মিনাল থেকে শুরু হয়ে শহরের স্টেশন সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১ নম্বর গেটে এসে পথসভা করে। পথসভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি
শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, পৌর যুবদল আহবায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা বলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু দলের জন্য নিবেদিত প্রাণ। পতিত আওয়ামী লীগ সরকারের অত্যাচারে নির্ঘুম জীবন কাটিয়েছেন তিনি। তারপরও দলের দুর্দিনে নেতাকর্মীর পাশে ছিলেন, বিপদ-আপদে সহযোগিতা করেছেন। অথচ তাকে বাদ দিয়ে হাবিবুর রহমান হাবিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, যদি প্রার্থী পরিবর্তন করা না হয়, তাহলে এ আসনটি হারাতে হতে পারে। হাবিবুর রহমান হাবিবকে বহাল রাখা হলে ধানের শীষের পরাজয় হবে। জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন। তাই প্রার্থী পরিবর্তন করে জাকারিয়া পিন্টুর নাম চূড়ান্তভাবে ঘোষণার দাবি জানাচ্ছি। অন্যথায় আমাদের আন্দোলন রাজপথে অব্যাহত থাকবে।
জাহাঙ্গীর হোসেন/সুমন/