চাঁদপুরের হাইমচরে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় কামাল হোসেন (৪৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের আলগী বাজারের ‘লাভলী মেডিকেল হল’ নামে ওষুধের দোকানে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান।
কামাল হোসেন কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এবং ওই উপজেলার করইয়া গ্রামের বাসিন্দা।
আলগী বাজারের ব্যবসায়ীরা বলছেন, সোমবার সন্ধ্যায় কামাল হোসেন নামে একজন ব্যক্তি বিমল চন্দ্র দেওয়ানের দোকানে ঢুকেন। তিনি নিজেকে সেনাবাহিনীর ‘মেজর’ বলে পরিচয় দেন। তিনি দোকানের কাগজপত্রে সমস্যা আছে বলে দাবি করে এক লাখ টাকা জরিমানা দিতে হুমকি দেন। পরে ‘সেনার টহল খরচ’ এবং ‘বকশিশ’ নাম করে ১১ হাজার টাকা হাতিয়ে নেন।
কিন্তু টাকা নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করতে গিয়ে তার আচরণ সন্দেহজনক মনে হয়। স্থানীয়রা তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। তিনি সেনাবাহিনীর আইডি কার্ড দেখাতে না পারায় ভদ্রভাবে অসংলগ্ন কথা বলতে থাকেন। শেষে তারা পুলিশকে খবর দেয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা একটি গুরুতর অপরাধ। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ফয়েজ/রিফাত/