ভারত তথা বিশ্ব ক্রিকেটেরই কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তাকে আজীবন সম্মাননা দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।
শনিবার (১ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে কর্নেল সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করে বিসিসিআই।
একই অনুষ্ঠানে ২০২৩-২৪ মৌসুমের সেরা ক্রিকেটার হিসেবে পুরুষ ক্যাটাগরিতে পলি উমরিগড় পুরস্কার পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন স্মৃতি মান্ধানা।
ভারতেত ৩১তম ক্রিকেটার হিসেবে টেন্ডুলকার আজীবন সম্মাননা পেয়েছেন। ভারতের অধিনায়ক সিকে নাইডুর নামে ১৯৯৪ সাল থেকেই পুরস্কারটি দিয়ে আসছে বিসিসিআই।
১৯৮৯ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া শচীন টেন্ডুলকার দুই দশকেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ভারতের হয়ে খেলেছেন ২০০ টেস্ট ও ৪৬৩টি ওয়ানডে।
ওয়ানডেতে করেছেন ১৮ হাজার ৪২৬ রান আর টেস্টে ১৫ হাজার ৯২১ রান। আছে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করার কীর্তিও।
বিসিসিআইয়ের বিশেষ একটি পুরস্কার জিতেছেন রবীচন্দ্রন অশ্বিনও। সদ্যই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া এই স্পিনার ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তার নামের পাশে রয়েছে ৫৩৭ উইকেট।
সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার জিতেছেন সরফরাজ খান। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি হাঁকিয়ে এই পুরস্কার পেয়েছেন ডানহাতি ব্যাটার। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আশা সুবহানা।