ভারতের মাঠে ভারতকে টপকে যাওয়া চাট্টিখানি কথা নয়। তার ওপর যদি হয় রান পাহাড় টপকানোর মতো কঠিন কাজ, তাহলে তো সেই কাজ মাঠে নামার আগেই অসম্ভব হয়ে যায়। ইংল্যান্ডের ক্ষেত্রেও হয়েছে তাই। ৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১৪ রানে অলআউট হয়ে ১৪২ রানের বিশাল ব্যবধানে হেরে ধবলধোলাই হয়েছে ভারতের কাছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে স্বাগতিক ভারতের কাছে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারতে হলো ইংল্যান্ডকে। টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হারার পর এবার ৩-০ ব্যবধানে ধবলধোলাই হতে হয়েছে ওয়ানডে সিরিজে ইংলিশদের।
বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ইংল্যান্ড। একের পর এক উইকেট হারিয়েছে দলটি নিয়মিত বিরতিতে। উদ্বোধনী জুটিতে ফিল সল্ট ও বেন ডাকেট ৬০ জুটি গড়েন। সেটি ভাঙার পরই আরও কয়েকটি ছোট-বড় জুটি গড়ে উঠলেও তা যথেষ্ট ছিল না।
২২ বলে ৩৪ রান করে বেন ডাকেট আউট হলে প্রথম উইকেটের পতন ঘটে। দলীয় ৮০ রানে ফিল সল্ট আর টম ব্যান্টন ২০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ফিল সল্ট ব্যক্তিগত ২৩ রানে ধরেন সাজঘরের পথ। আশা দেখিয়েও ইনিংস বড় করতে পারেননি টম ব্যান্টন ৪১ বলে ৩৮ রান করে। ২৪ রানে বিদায় নেন জো রুট।
১৯ রান করেন হ্যারি ব্রুক। গুজ অ্যাটকিনসন ১৯ বলে ৩৮ রান করলে ইংল্যান্ডের রান ২০০ পার হয়। শেষ পর্যন্ত ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।
ভারতের হয়ে জোড়া উইকেট শিকার করেন অর্শদীপ সিং, হার্ষিত রানা, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ যাদব নেন ১টি করে উইকেট নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৫৬ রান করে ভারত। সেঞ্চুরি করেন শুভমান গিল। ১১২ রান করেন তিনি। ৭৮ রান করেন স্রেয়াশ আয়ার। ৫২ রান করেন বিরাট কোহলি। ৪০ রান করেন লোকেশ রাহুল। আদিল রশিদ নেন ৪ উইকেট।