শুরুটা হয়েছিল সৌম্য সরকারের বিদায়ে। ইনিংসের প্রথম ওভারেই তিনি ধরেন সাজঘরের পথ, রানের খাতা খোলার আগেই। এরপর রানের খাতা না খুলে ফিরে গেছেন সমর্থকদের ফাইনালের স্বপ্ন দেখানো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমও। ফলে ৩৫ রানেই হারিয়েছে বাংলাদেশ ৫ উইকেট।
ইনিংসের প্রথম ওভারের শেষ বলে মোহাম্মদ শামির করা ভেতরের দিকে আসা বল ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজে ক্যাচ দেন উইকেটকিপার লোকেশ রাহুলের গ্লাভসে। রানের খাতা না খুলেই দলীয় ১ রানে প্রথম উইকেটের পতন ঘটে তার বিদায়ে।
রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক শান্তও। ২ বলে খেলে হার্ষিত রানার বলে ড্রাইভ করে অফসাইডে ক্যাচ দেন বিরাট কোহলির হাতে। ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ তার বিদায়ে।
২৪ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু মাত্র ৫ রান করা মিরাজ স্লিপে ক্যাচ দেন মোহাম্মদ শামির বলে।
শামির দুই ও হার্ষিত রানার এক উইকেট শিকারের পর অক্ষর প্যাটেল টানা দুই বলে আউট করেন ২৫ রান করা তানজিদ হাসান তামিম ও রানের খাতা না খোলা অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। আউট হওয়া পাঁচ ব্যাটারের তিন ব্যাটারই মেরেছেন ডাক।
তামিম ও মুশফিককে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলা অক্ষর প্যাটেল হ্যাটট্রিক মিস করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মার ভুলে। জাকের আলীর ক্যাচ ফেলে দেন স্লিপে।
এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৫৪ রান করেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ১১ ও জাকের আলী অপরাজিত আছেন ১০ রানে।