চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা রয়েছে ভারতের। ঢাকা ও চট্টগ্রামে হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে।
এখনও তিন মাসের বেশি সময় বাকি সেই সিরিজ শুরু হতে। যদিও সেই সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে ভারতীয় সংবাদম মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফরে ভারত নাও আসতে পারে।
কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের ঘটনার পর থেকেই উত্যপ্ত বাক্য বিনিময় চলছে ভারত ও পাকিস্তানের রাজনীতিবিদ ও নাগরিকদের মধ্যে। এরমধ্যেই বাংলাদেশ সাবেক এক সেনা কর্মকর্তা তার ফেসবুক স্ট্যাটাস সামনে এনে ভারত বাংলাদেশে নাও যেতে পারে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমটি।
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এ এল এম ফজলুর রহমান সম্প্রতি ফেসবুকে লিখেছেন, ‘ভারত যদি পাকিস্তান আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করা। প্রয়োজনে চীনের সঙ্গে যৌথ সামরিক প্রক্রিয়া নিয়ে পরামর্শ করা।’
বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের বর্তমান চেয়ারম্যান বিজিবির সাবেক মহাপরিচালক ফজলুর রহমান।
তবে সাবেক সেনাবাহিনী কর্মকর্তা এ এল এম ফজলুর রহমানের এই মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের অবস্থান পরিস্কার করেছে। এ মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না বলে জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এ ধরনের বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না সরকার। সব জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।’
বাংলাদেশ সরকার নিজের অবস্থান স্পষ্ট করলেও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক সূত্রের বরাত দিয়ে লিখেছে, ‘সফরটি সূচির অংশ হলেও এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তাই বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ সফরে নাও যেতে পারে ভারতের। তবে এমন সম্ভাবনাই বেশি।’