ম্যানচেস্টার টেস্ট জয়ের দারুণ সুযোগ তৈরি করেছিল ইংল্যান্ড। কিন্তু তাদের সেই স্বপ্নপূরণ হয়নি। আজ রবিবার (২৭ জুলাই) তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হতাশ করে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট ড্র করেছে ভারত। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ক্রিকেটের জনকরা। আগামী ৩১ জুলাই লন্ডনের কেনিংটন ওভালে পঞ্চম ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।
আজ পঞ্চম ও শেষ দিনের খেলায় কীর্তিগড়া এক সেঞ্চুরি হাঁকান শুভমান গিলের। তার ১০৩ রানের পর সেঞ্চুরি করেন রবীন্দ্র জাদেজা (অপরাজিত ১০১ রান) এবং ওয়াশিংটন সুন্দর (অপরাজিত ১০০ রান)। লোকেশ রাহুল করেন ৯০ রান। সুন্দরের সেঞ্চুরির পরপরই দুই অধিনায়কের সম্মতিতে খেলা ড্র হয়। ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান করেন। প্রথম ইনিংসে তারা করেছিল ৩৫৮ রান। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিল ৬৬৯ রান।
রাহুল ৮৭ ও গিল ৭৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন। রাহুল মাত্র ৩ রান যোগ করে অধিনায়ক বেন স্টোকসের শিকার হয়ে বিদায় নিলেও গিল ঠিকই তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়ে যান। ২২৮ বলে ১২ চারে তিনি ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন, যার চারটির দেখাই তিনি পেয়েছেন এই সিরিজে। এই সেঞ্চুরি তাকে ব্র্যাডম্যান, গাভাস্কারের মতো গ্রেটদের পাশে নিয়ে যায়। অধিনায়ক হিসেবে এক সিরিজে চার সেঞ্চুরি গিলের আগে এই দুই ব্যাটারেরই ছিল।
গিল লিডসে প্রথম টেস্টে ১৪৭ রান করার পর বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৯ ও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান রান করেন। লর্ডসে তৃতীয় টেস্টে তিনি ব্যর্থ হয়েছিলেন দুই ইনিংসে ১৬ ও ৬ রান করে। কিন্তু ম্যানচেস্টারে আবার রানের দেখা পান। প্রথম ইনিংসে ১২ রান করার পর এই ইনিংসে কীর্তি মাখা সেঞ্চুরি করেন। সেঞ্চুরি করার পর তিনি অবশ্য আর বেশি দূর এগোতে পারেননি। ১০৩ রানে আর্চারের বলে স্মিথের হাতে ধরে পড়ে ইতি ঘটে তার ইনিংসের।
এক সিরিজে সবচেয়ে বেশি পাঁচ সেঞ্চুরি আছে শুধু উইন্ডিজের ক্লাইড ওয়ালকটের। সিরিজে আরেকটি টেস্ট বাকি থাকায় গিলের সামনে সেই রেকর্ড স্পর্শ করা কিংবা অতিক্রম করার সুযোগ আছে। একইভাবে সুযোগ আছে ভারতীয় হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রান করার পাশাপাশি অধিনায়ক হিসেবে বেশি রান করারও। আবার সিরিজেও সবচেয়ে বেশি রান করার। যে রেকর্ডগুলোর বর্তমান মালিক যথাক্রমে গাভাস্কার ও ডন ব্র্যাডম্যান।
৩৪ রানের ব্যবধানে প্রথমে রাহুল, পরে গিল আউট হওয়ার পর ভারত আবার চাপে পড়ে। কিন্তু সেই চাপকে আর চাপ মনে হতে দেননি জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। রাহুল ও গিল তৃতীয় উইকেট জুটিতে ১৮৮ রান যাগ করার পর জাদেজা ও ওয়াশিংটন চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ২০৩ রান যোগ করেন। জাদেজা ব্রুককে ছক্কা মেরে ১৮২ বলে ক্যারিয়ারের পঞ্চম ও ওয়াশিংটন সুন্দর পরে একই বোলারের বলে ২ রান নিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন। তিনি বল খেলেন ২০৬টি।