ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ফের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করে ভারত। ম্যাচটি সেমিফাইনালের হওয়ায় সরাসরি ফাইনালে চলে গেছে পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামলে সুযোগ ছিল সেমিফাইনাল জিতে ফাইনালে খেলার। কিন্তু বয়কটে অটল থাকায় তা আর সম্ভব হয়নি। তবে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ভারত চ্যাম্পিয়ন্স দলের এক সদস্য।
নাম প্রকাশ না করেই ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘আমরা পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলছি না। আমাদের জন্য দেশ ও জাতি সবার আগে, এরপর অন্য কিছু। ভারতের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত। আমরা গর্বিত ভারতীয় দলের সদস্য। আমরা কঠোর পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে এই জার্সিতে ভারতীয় পতাকা অর্জন করেছি। আমরা কখনোই আমাদের দেশকে হতাশ করবো না, কোনো পরিস্থিতিতেই না।’
সেমিফাইনালের ম্যাচ বয়কট করায় ফাইনালে উঠতে পারেনি ভারত। কিন্তু ফাইনালে পাকিস্তানকে পেলে কি করতো ভারত চ্যাম্পিয়ন্স? সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা যদি ফাইনালেও উঠতাম এবং প্রতিপক্ষ পাকিস্তান হতো, তবুও আমরা একই সিদ্ধান্ত নিতাম। আমরা সবাই, সমস্ত ভারতীয়, এই বিষয়ে একমত।’
গেল এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর মে মাসে পাকিস্তানে আকস্মিক সামরিক অভিযান চালায় ভারতীয় সশস্ত্রবাহিনী। যুদ্ধে জড়িয়ে পড়ে পাকিস্তানও। পরে দুপক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়। এই সামরিক সংঘর্ষের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রীড়া সম্পর্ক আরও খারাপ হয়েছে।