আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই) সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দলের পরামর্শদাতার ভূমিকায় প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। এর প্রতিক্রিয়ায়, সাবেক ভারতীয় ক্রিকেটার এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য মনোজ তিওয়ারি বলেন, ‘তিনি কি ফোন ধরেছিলেন? কারণ ফোনে তার সাথে যোগাযোগ করা কঠিন।’
ধোনি ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও, ধোনি এখনও পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলে চলেছেন। ক্রিকেটের বাইরে তিনি বড়ই আত্মকেন্দ্রিক একজন ব্যক্তি। এটাই যেন উঠে এলো তিওয়ারির বক্তব্যে।
ভারতীয় ক্রিকেট দলের পরামর্শদাতা হিসেবে ধোনির দায়িত্ব নেওয়ার বিষয়ে মিডিয়া রিপোর্ট সম্পর্কে জানতে চাইলে তিওয়ারি বলে উঠেন, ‘সে কি ফোন ধরেছিল? কারণ ফোনে তার সঙ্গে যোগাযোগ করা কঠিন। মেসেজের উত্তরও খুব কম দেয়, অনেক খেলোয়াড়ই এটা বলেছেন। সে (পরামর্শক হওয়ার) বার্তাটি পড়েছেন কিনা তা আমরা জানি না।’
সংবাদ সংস্থা এএনআইকে তিনি আরও বলেন, ‘প্রথম কথা হলো, ধোনি এই দায়িত্ব নিবেন কিনা। তার প্রভাব কী হবে তা ভবিষ্যদ্বাণী করা আমার পক্ষে খুবই কঠিন। একজন অধিনায়ক এবং একজন খেলোয়াড় জিসেবে তার অভিজ্ঞতা খুবই কার্যকর হবে, কারণ আজ নতুন খেলোয়াড়রা যারা ভারতীয় দলের তারকা হয়ে উঠছে তারা তাকে অনেক সম্মান দেয়। তাছাড়া ধোনি এবং গৌতম গম্ভীরের (বর্তমানে ভারতের হেড কোচ) জুটিও দেখার মতো হবে।’
অনিক/