২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপানির্ধারণী মহারণের রেফারি চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।
৪৬ বছর বয়সি স্লাভকো ভিনচিচ বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ও অভিজ্ঞ রেফারি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে দুটি ম্যাচ পরিচালনার মাধ্যমে রেফারিংয়ের বিশ্বমঞ্চে অভিষেক হয় তার। ফাইনালটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরে গ্রুপ পর্বসহ এটি হবে তার চতুর্থ অ্যাসাইনমেন্ট।
২০২৪ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছিলেন তিনি। এছাড়া ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং বিভিন্ন মহাদেশীয় বাছাইপর্বের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ।
আর্জেন্টিনার ফুটবল সমর্থকদের কাছে স্লাভকো ভিনচিচ নামটি এক চিরচেনা আতঙ্কের নাম। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ২-১ গোলের পরাজয়ের ম্যাচে মাঠের দায়িত্বে ছিলেন এই স্লোভেনীয় রেফারি। ওই একটি ম্যাচেই আলবিসেলেস্তেদের টানা ৩৬ ম্যাচের অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ডের অবসান ঘটেছিল। তবে সেই ম্যাচে প্রথমার্ধে লিয়ান্দ্রো পারেদেসকে বক্সের ভেতর ফাউল করায় আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন ভিনচিচই, যা থেকে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি।
পাপ্পু/নাঈম