বিশ্বকাপে গোলদাতাদের মতোই আলোচনায় থাকেন গোলরক্ষকরাও। টুর্নামেন্টজুড়ে অসাধারণ সেভ, ক্লিন শিট এবং সংকটময় মুহূর্তে দলকে রক্ষা করার স্বীকৃতি হিসেবে সেরা গোলরক্ষকের হাতে ওঠে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লাভস’ ট্রফি। ইতিহাস বলছে, গত পাঁচ বিশ্বকাপের চারটিতেই এই পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক।
২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন স্পেনের উনাই সিমন। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ২-০ গোলের জয়ের পর তিনি বাজির বাজারেও শীর্ষে উঠে এসেছেন। অথচ ম্যাচটির আগে অন্যতম ফেভারিট ছিলেন ফ্রান্সের মাইক মাইনিয়ঁ।
চলমান আসরে সিমনের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সাত ম্যাচে তিনি মাত্র একটি গোল হজম করেছেন এবং ছয়টি ক্লিন শিট রেখে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ক্লিন শিটের রেকর্ড গড়েছেন। দলীয়ভাবেও স্পেন ছয় ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে একমাত্র গোলটি হজম করার আগে সিমন টানা ৬৪৯ মিনিট জাল অক্ষত রেখে নতুন ইতিহাস গড়েন।
অন্যদিকে, ২০২২ কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস এবারও লড়াইয়ে থাকলেও তার সম্ভাবনা কিছুটা কমেছে। কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ধারাবাহিকভাবে গোল হজম করায় আর্জেন্টিনার রক্ষণভাগ প্রত্যাশা পূরণ করতে পারেনি।
সব মিলিয়ে বর্তমান ফর্ম, ক্লিন শিটের রেকর্ড এবং ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায় ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ের সবচেয়ে বড় দাবিদার স্পেনের উনাই সিমন।
পাপ্পু/রিফাত/