পৃথিবীজুড়ে কত রং, কত বৈচিত্র্য। ইতিহাস, ঐতিহ্য, বিশ্বাস আর ভৌগোলিক অবস্থান ভেদে প্রত্যেকের সংস্কৃতি ভিন্ন। তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে কিশোর-কিশোরীদের বেড়ে ওঠার ধরন, জীবনযাপনও একরকম নয়।
প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির নাম হয়তো তোমরা শুনেছ। সে দেশের হেলা প্রদেশের তাগারি নদী অববাহিকায় বাস করে এক আদিম অধিবাসী। তাদের নাম হুলি জাতি। আধুনিক পৃথিবীর সভ্যতা, সংস্কৃতি ও জীবনযাপন থেকে হুলি জাতি পুরোপুরি বিচ্ছিন্ন, আলাদা।
বিশেষত বয়ঃসন্ধিতে পা দিলে হুলি কিশোরদের জন্য রয়েছে বিশেষ এক নিয়ম। পৃথিবীর আর দশজন সাধারণ টিনএজারের মতো প্রাতিষ্ঠানিক স্কুলে যাওয়ার রীতি নেই হুলি কিশোর-কিশোরীদের। তবে এই জাতির প্রথা অনুযায়ী ছেলেরা সাবালক হলে বা ১৪ বছর বয়সে পা দিলে বাধ্যতামূলক অংশ নিতে হয় ব্যতিক্রমী এক উইগ স্কুলে।
হুলি গোষ্ঠীর সমাজে পুরুষদের রয়েছে বিশেষ মর্যাদা। সেখানে প্রাপ্তবয়স্ক পুরুষদের মাথায় লক্ষ করা যায় কয়েক বছর ধরে যত্নে তৈরি করা উইগ বা পরচুলা। এই উইগকে ধরা হয় পুরুষদের শক্তি, গৌরব ও হুলিদের সাংস্কৃতিক প্রতীক হিসেবে।
হুলি নারী ও পুরুষদের বসবাসের জায়গা আলাদা। ছেলেরা সাধারণত ১০ বছর বয়সে পা দিলেই মাকে ছেড়ে চলে যেতে হয় পুরুষদের আস্তানায়। সেখানে বয়স্ক পুরুষেরা তাদের শেখাতে শুরু করে শিষ্টাচার, সামাজিক রীতি-নীতি ও আদব কায়দা। ১৪ বছর বয়স থেকে ছেলেদের সাবালক ধরা হয় হুলি সমাজে। কেউ ১৪ বছর বয়সে পা দিলে তাকে পাঠানো হয় উইগ স্কুলে। উইগ স্কুলে থাকেন একজন বয়োজ্যেষ্ঠ উইগ মাস্টার। তার নেতৃত্বে নিজেদের মাথার চুল বড় করে, বিভিন্ন আকৃতি দিয়ে নিজেদের উইগ তৈরি করে স্কুলে অধ্যয়নরত প্রত্যেক কিশোর। বিশেষ আকৃতির এই উইগ তৈরিতে সাধারণত ব্যয় হয় কয়েক বছর। উইগ মাস্টার সন্তুষ্টি প্রকাশ করলেই কৃতিত্বের সঙ্গে স্কুল জীবন শেষ করতে পারে কিশোররা। এর মধ্য দিয়ে হুলি কিশোররা সমাজে স্বীকৃতি পায় প্রাপ্তবয়স্ক হিসেবে।
হুলিদের বাৎসরিক হেগেন উৎসবে নাচ, গান, খাওয়া-দাওয়ার পাশাপাশি নতুন উইগ স্কুল পাস করা ছাত্রদের জানানো হয় বিশেষ অভ্যর্থনা। এদিন নিজেদের নতুন উইগের সঙ্গে রং আর নানা ধরনের গহনায় সেজে ওঠে সদ্য প্রাপ্তবয়স্ক ছেলেরা। কৈশোরে মায়ের কাছ থেকে আলাদা হওয়া, কয়েক বছরব্যাপী গোপন স্কুলে কাটানো হুলি কিশোরদের জীবন অনেকের কাছে কঠিন, বিস্ময়কর। তবে আধুনিক পৃথিবীর কিশোরদের থেকে তারা আজও স্বকীয় জীবনধারায় নিরবচ্ছিন্ন।