হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন - ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী।
বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খায়ের বলেন, 'কী নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং কারণ জানার চেষ্টা করছি।'
স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁও গ্রামের চেরাগ আলী ফিলিং স্টেশনের পাশের জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাত ১০টার দিকে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উস্তার মিয়া ও ইউসুফ আলী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এসেও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সেখান থেকে ৫ জনকে আটক করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।