ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ জেলায় ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১ অক্টোবর) সিভিল সার্জন অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত তিনজন হলেন - নগরকান্দা উপজেলার ধর্মতি গ্রামের সাইদুর রহমানের দুই মাস বয়সী ছেলে আল সামি, সালথা উপজেলার চরকান্দিয়া গ্রামের আনোয়ারা বেগম (৪৫) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সাজেদা বেগম (৪০)।
এ বিষয়ে ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ২৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত ফরিদপুরে ১২ হাজার ৩১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ৪৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।