সবার মতামত নিয়ে পৌরসভার উন্নয়ন কাজ হবে এবং নাগরিকের প্রতিটি প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. নাদের বখত।
জেলা প্রশাসক মো. দিদারুল আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ”শহর সুনামগঞ্জ: পরিকল্পিত উন্নয়ন প্রত্যাশায় নাগরিক সংলাপ”-এ তিনি এসব কথা বলেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় জেলার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মেয়র বখত জানান, শহরের ভেতরে দখলে-দূষণে অস্তিত্ব সংকটে পড়া পাঁচটি খাল উদ্ধার কার্যক্রম চলছে। মানুষের দীর্ঘদিনের দাবি এবং উচ্চ আদালতের নির্দেশনায় জেলা প্রশাসন ও পৌরসভা মিলে কাজটি করছে।
মুক্ত আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন জনের প্রশ্ন ছিল - আদৌ কি খালের এই উদ্ধার, উচ্ছেদ অভিযান ফলপ্রসূ হবে? মরা খাল প্রাণ ফিরে পাবে নাকি এখানেই সব থেমে যাবে?
এমন প্রশ্নের উত্তরে মেয়র বখত জানান, সংলাপে শুধু শহরের পাঁচটি খাল উদ্ধার, সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন নয়; বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক প্রস্তুতকরণ, যানজট নিরসন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ব্যবস্থা, মাদক সমস্যা, পাবলিক টয়লেট নির্মাণ, শিশুদের বিনোদন ব্যবস্থা, বন্যা ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি আমরা।
জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি মাকসুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার অনেক উন্নয়ন করেছে। শহরের অনেক রাস্তাঘাট, ড্রেন বিপণিবিতানসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ হচ্ছে। এগুলো পরিকল্পিত হতে হবে। পরিকল্পিত উন্নয়ন না হলে সমস্যা আরও বাড়ে। সরকারের বরাদ্দ যেন যথাযথভাবে কাজে লাগে। পৌরসভার সব উন্নয়ন কাজে জেলা প্রশাসকের সহযোগিতা আছে, সেটি থাকবে সব সময়।
এ সময় নাগরিক সংলাপে অংশ নেন - আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অধ্যাপক পূর্ণেন্দু কান্তি দাস, জেলা মহিলা কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক দিলারা বেগম, কবি সুখেন্দু সেন, মুনমুন চৌধুরী, আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, শিক্ষক চিত্তরঞ্জন তালুকদার, খেলা ঘরের সভাপতি বিজন সেন রায়, জেলা পরিবেশ আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, কমিউনিস্ট পার্টির সভাপতি এনাম আহমেদ, মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য, শিক্ষক কোহিনুর বেগম, জেলা পরিষদের সদস্য ফৌজিআরা বেগম, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, আইনজীবী মাহবুবুল হাসান, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্যাংকার গোলাম আজাদ, সাবেক পৌর কান্সিলর আব্দুল্লাহ আল নোমান, সমাজকর্মী মুর্শেদ আলম, সালেহীন চৌধুরী, আবুল হোসেন, শিক্ষক অনুপম নারায়ন প্রমুখ।