মাগুরায় ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছেন।
রবিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে এই দাবিতে মাগুরা সদর হাসপাতালের সামনে অবস্থান করেন তারা।
বাংলাদেশ ডিপ্লোমা নার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি তাহাজুল সজিবের উপস্থিতিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা বলেন, সরকারিভাবে বলা আছে ইন্টার্ন নার্সদের ভাতার কথা। তবে আমরা সে ভাতা পাই না। না পেয়ে ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছি।
শিক্ষার্থীরা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ইন্টার্ন শিক্ষার্থীরা ঠিকমতো শিক্ষা চালিয়ে যেতে পারছেন না। দেশের বিভিন্ন জেলা থেকে নার্স-শিক্ষার্থীরা এখানে ইন্টার্ন করছেন। সেখানে তারা বাসাভাড়াসহ সব খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।
তারা আরও জানান, ভাতা ঠিকমতো না দেওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করে যাব।
মাগুরা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) বিকাশ কুমার শিকদার খবরের কাগজকে বলেন, ইন্টার্ন ডিপ্লোমা নার্সদের কর্মবিরতিতে আমাদের হাসপাতালের সেবা ব্যাহত হচ্ছে না। আমাদের যথেষ্ট নার্স রয়েছে। তবে তারা শেখার ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে পড়ছেন।
এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মো. শামিম কবির বলেন, তাদের কর্মবিরতির বিষয়টি আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন বিষয়টি তাদের সিদ্ধান্তে রয়েছে।