নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে পুলিশ।
রবিবার (১ অক্টোবর) রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বাদী হয়ে এ মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
মামলায় পুলিশ উল্লেখ করে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রঘুনাথপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মশাল মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।
এদিকে, মামলাটি ‘বানোয়াট ও ভুতুড়ে’ দাবি করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ফতুল্লায় শনিবার বিএনপি বা অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো কর্মসূচি ছিল না। পুলিশ বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করতে আগের মত বানোয়াট ও ভুতুড়ে মামলা দেওয়া শুরু করেছে। মামলা হামলা করে বিএনপিকে দমানো যাবে না।